দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে খাদ্যগুদামের জন্য আনা ৩০০ মেট্রিক টন গমবাহী একটি কার্গো জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে নগরের কীর্তনখোলা নদীতে খাদ্যগুদামের পন্টুনের কাছে এ ঘটনা ঘটে।
কোস্ট গার্ডের একটি জাহাজের ধাক্কায় কার্গোটির তলদেশে ফাটল ধরে পানি ঢুকতে শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় জাহাজটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। এ ঘটনায় কিছু গম পানিতে ভিজে গেলেও অধিকাংশ গম উদ্ধার করা সম্ভব হয়েছে।
দুর্ঘটনার শিকার কার্গো জাহাজটির নাম ‘ডি বি পাপিয়া’। এর ইনচার্জ মো. মানিক জানান, গত ২৬ অক্টোবর খুলনা থেকে ৩০০ মেট্রিক টন গম নিয়ে তারা বরিশালের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার কীর্তনখোলা নদীর খাদ্যগুদামের পন্টুনে এসে জাহাজটি নোঙর করেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কোস্ট গার্ডের একটি জাহাজ এসে তাদের কার্গোতে সজোরে ধাক্কা দেয়। এতে কার্গোর তলদেশে ফাটল ধরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে জাহাজটি ডুবতে থাকলে প্রশাসনের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেন।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় কার্গোটি ডুবে যাওয়া থেকে রক্ষা করা হয়। বর্তমানে জাহাজটি আশঙ্কামুক্ত রয়েছে।’
বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাঈদ বলেন, ‘নিয়মিত খাদ্য মজুতের অংশ হিসেবে ৩০০ মেট্রিক টন গম আনা হয়েছিল। তবে খালাসের আগেই কার্গোটি দুর্ঘটনার শিকার হয়। কিছু গম পানিতে ভিজে গেলেও অধিকাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নিরূপণ করা হবে।’
এদিকে দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
/অ